তিন মামলায় ৪ দিনের রিমান্ডে মাওলানা জুনায়েদ আল হাবীব

রাজধানীর পল্টন থানার নাশকতার পৃথক তিন মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (৪ মে) মঙ্গলবার  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদার শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। জুনায়েদ আল হাবীবের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন ২০১৩ সালের পল্টন থানার এক মামলায় তদন্ত কর্মকর্তা হেফাজত নেতা জুনায়েদকে গ্রেফতার দেখানোর আবেদনসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। অপরদিকে, চলতি বছর পল্টন থানায় করা দুই মামলার তদন্ত কর্মকর্তা মাওলানা জুনায়েদকে গ্রেফতার দেখানোর আবেদনসহ সাত দিন করে ১৪ দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন। গত ১৭ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে মতিঝিল, রমনা ও লালবাগ বিভাগের গোয়েন্দা পুলিশের যৌথ দল তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তারা লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।

Taqwa Travel & Tourism
বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!