হেফাজত নেতা মাওলানা জালালুদ্দীন আহমদ গ্রেফতার!

২০১৩ সালে ৫মে অবরোধ কর্মসূচিতে মতিঝিলে ঘটে যাওয়া ঘটনায় হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ (১৭ এপ্রিল) শনিবার তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম। তিনি জানান, তার বিরুদ্ধে ২০১৩ সালে দায়ের করা একাধিক মামলা রয়েছে। সেগুলোর তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডে আনার প্রক্রিয়া চলছে।
এর আগে বুধবার (১৪ এপ্রিল) ধানমণ্ডি বাসা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকার ইসলামবাগ মাদরাসার শায়খুল হাদিস ও প্রিন্সিপাল মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামবাগ মাদরাসার শিক্ষক মুফতি দিদার শফিক। বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত চার দিনে হেফাজতের চার কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ এপ্রিল) মধ্যরাতে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। চট্টগ্রামের হাটহাজারী থেকে র্যাব ও ডিবির যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফ উল্লাহকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে শরিফ উল্লাহকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে হেফাজতের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি বশির উল্লাহকে গ্রেফতার করে পুলিশ।



