ধর্মের নামে বাড়াবাড়ি কোনো ধর্মই অনুমোদন করে না: সেতুমন্ত্রী

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সাথে সঙ্গতি রেখে সকল কার্যক্রম এগিয়ে নেওয়াই আওয়ামী লীগের নববর্ষের অঙ্গীকার।

আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল হিসেবে নতুন বছরে নতুন আশা ও প্রত্যাশার নয়া উৎসর্গের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে নবতর পথযাত্রার সূচনা করতে চায়। দেশবাসী রমজানের পবিত্রতা রক্ষার পাশাপাশি আবহমান কাল থেকে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেছে। নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পহেলা বৈশাখে আওয়ামী লীগকে সুশৃঙ্খল, সুসংগঠিত, আরও আধুনিক ও স্মার্ট রাজনৈতিক দল হিসেবে এদেশের গণমানুষের স্বপ্ন পূরণে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করেন ওবায়দুল কাদের।

ধর্মের নামে কোনরূপ বাড়াবাড়ি কোনো ধর্মই অনুমোদন করে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আসুন নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের উন্নয়ন ও সমৃদ্ধির অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত থাকবে-এমন প্রত্যাশা ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দলকে উন্নয়ন ও অগ্রগতির পথরেখায়, ইতিবাচক ধারাকে আরও বলিষ্ঠ ও বেগবান করা হবে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিতে আওয়ামী লীগ বদ্ধ পরিকর।

Taqwa Travel & Tourism
বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!