অনলাইনে ফলাফল প্রকাশের কাজ চলছে : বেফাকের মহাপরিচালক

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের ৪৪ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এ বছর প্রকাশিত ফলাফলে বেফাকের মোট গড় পাসের হাড় ৭৪.৪%। আজ (১০ মে) সোমবার দুপুর ১২ টায় রাজধানীর যাত্রাবাড়ী কাজলা বেফাকের নিজস্ব কার্যালয়ে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী আমিনুল হক ফলাফল ঘোষণা করেন।
তবে এখনো অনলাইনে ফলাফল প্রকাশিত হয়নি। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর থেকেই অনলাইনে প্রকাশের কাজ চলছে বলে জানিয়ে বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের বলেন, আমাদের সার্ভারে সাময়িক সমস্যা করছে। ফলাফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে আনুষ্ঠানিক ফল প্রকাশের পর থেকেই। আশা করছি, বাদ মাগরিবের মধ্যেই অনলাইনে শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত রেজাল্ট খোঁজে পাবেন ইনশাআল্লাহ। আজ ৫ টা ৪৫ মিনিটে এক মুঠোফোনে তিনি এসব কথা জানান।
গত ১৩ এপ্রিল (মঙ্গলবার) বেফাক পরীক্ষার্থীদের খাতা দেখা শেষ হয়েছে। লকডাউনের কারণে ঘরে বসেই মুমতাহীন বা পরীক্ষকরা পরীক্ষার খাতা দেখেছেন। এরপর সারাদেশকে ৪০ টি জোনে ভাগ করে খাতা জমা নেওয়া হয়েছিলো। বেফাকের ৪৪ তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়েছিলো গত ১৮ মার্চ ২০২১। শেষ হয়েছে ২৫ মার্চ ২০২১। সারাদেশে বেফাকের ২ লক্ষ ৩০ হাজার নিবন্ধিত পরীক্ষার্থীর থেকে ২ লক্ষ ২৫ হাজার পরীক্ষার্থী অংশ নেয় পরীক্ষায়। এবছর বেফাক শিক্ষার্থীদের খাতা দেখার জন্য করা হয়েছিল নতুন নিয়ম। সারাদেশকে ১২টি জোনে ভাগ করা হয়েছিলো। মুমতাহিনগণ নির্দিষ্ট জোনে এসেই দেখতেন পরীক্ষার্থীদের খাতা। কিন্তু করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউনের কারণে এবারও বাড়িতে বসেই খাতা দেখার সিস্টেম চালু করে বেফাক। এরপর চূড়ান্তভাবে নিরীক্ষণ শেষ করে আজ সোমবার ফলাফল প্রকাশ করলো বেফাক।


