বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে নিয়ে যা বললেন মুশফিকুর রহিম

সৌদি আরবের পবিত্র মক্কায় আয়োজিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জনকে টপকে লাল সবুজের পতাকার জন্য আরেকটি গৌরব বয়ে এনেছেন ১৩ বছর বয়সী হাফেজ সালেহ আহমদ তাকরিম।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে মক্কার পবিত্র হারাম শরিফে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানে সালেহর হাতে ১ লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

হাফেজ সালেহ আহমদ তাকরিমের এমন অর্জনে গর্বিত বোধ করে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট ভাই তোমার জন্য খুবই গর্বিত। দয়া করে আমাদের তোমার প্রার্থনায় রেখো।

এমন অর্জন শেষে বৃহস্পতিবার রাত ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। ওই সময় বিমানবন্দরে হাফেজ তাকরিমকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

হাফেজ সালেহ আহমাদ তাকরিমের এমন সাফল্যে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, শায়খ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারি প্রমুখ।

এর আগে লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফেজ সালেহ আহমাদ তাকরিম ৭ম স্থান অর্জন করেন। এ বৈশ্বিক প্রতিযোগিতায় ৭ম স্থান অর্জন করার পাশাপাশি সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেছেন।

গত ২২ মে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে, লিবিয়ার বন্দরনগরী বেনগাজিতে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন।

তাছাড়া তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তাকরিম বিশ্বে ১ম স্থান অর্জন করে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্ব দরবারে সমুন্নত করেন।

উল্লেখ্য, হাফেজ সালেহ আহমদ তাকরিমের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদরাসার শিক্ষক এবং মা গৃহিণী। তিনি গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম প্রতিষ্ঠিত ‘মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি ঢাকা’র হিফজ বিভাগের শিক্ষার্থী।

Taqwa Travel & Tourism
বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!