হেফাজতের ৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এক ভিডিও বার্তার মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন নতুন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী।
নতুন আহ্বায়ক কমিটির প্রধান আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, সদস্য সচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী, সদস্য মাওলানা সালাহুদ্দীন নানুপুরী ও দেওনার পীর অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান চৌধুরী। এই কমিটির মাধ্যমে আজ থেকে হেফাজতে ইসলামের কার্যক্রম সুচারুরূপে পরিচালিত হবে।
ভিডিও বার্তায় মাওলানা জিহাদী বলেন, প্রিয় দেশবাসী আপনারা এর আগে দেখেছেন দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির ঘোষণা দিয়েছেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। এরপরে ৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন তিনি। দেশবাসীর কাছে এই ঘোষণা পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি আমাকে দিয়েছেন। বর্তমানে এই আহ্বায়ক কমিটির মাধ্যমেই পরিচালিত হবে হেফাজতে ইসলাম।
এর আগে (২৫ এপ্রিল) রোববার রাত আনুমানিক ১১টার দিকে এক ভিডিও বার্তায় হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির ঘোষণা দিয়ে সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ভিডিও বার্তায় বলেন, ‘প্রিয় দেশবাসী, দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অরাজনৈতিক দ্বীনি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পরামর্শক্রমে বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হইল।’



