মাদরাসায় উপবৃত্তি পেতে নতুন নির্দেশনা

মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। এ পর্যায়ে আগামী ১২ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। বিলম্ব ফি জমা দিয়ে করতে হবে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন না করলে শিক্ষার্থীরা উপবৃত্তির আওতাভুক্ত হবে না।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি জরুরি বলেও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ খ্রিষ্টাব্দের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত যে সব শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোনো কারণে বাদ পড়েছে, সে সব শিক্ষার্থীর শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার জন্য পরবর্তী শ্রেণিতে রেজিস্ট্রেশনের বিড়ম্বনা এড়াতে ভবিষ্যৎ ও মানবিক দিক বিবেচনা করে তাদের সংশ্লিষ্ট মাদরাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ এবং eSIF পূরণের সময়সীমা বর্ধিত করা হলো।
এতে বলা হয়, কেবল বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবে। আগে এন্ট্রি করা শিক্ষার্থীর কোন তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না।
যে সব শিক্ষার্থী রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করবে না তারা উপবৃত্তির আওতাভুক্ত হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।



