৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন নিয়ে জরুরি নির্দেশনা দিল মাদরাসা বোর্ড

২০২৫ খ্রিষ্টাব্দে ৬ষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে ডাউনলোড, প্রিন্ট ও তথ্যভুল সংশোধনে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। এতে সংশ্লিষ্ট মাদরাসার মাধ্যমে কার্ড সংগ্রহ ও প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করতে শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানপ্রধানদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) মাদরাসা শিক্ষা বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মাদরাসাগুলোকে বোর্ডের ই-এসআইএফ লিংকে (www.ebmeb.gov.bd) প্রবেশ করে ৬ষ্ঠ শ্রেণি থেকে eReg–Registration Print–2025 নির্বাচন করে Continue বাটনে ক্লিক করতে হবে। এরপর প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করা যাবে।

একইসঙ্গে অনলাইন থেকে রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করে নির্ধারিত স্থানে প্রতিষ্ঠানপ্রধানের সিল ও সই দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ এপ্রিল ২০২৫ তারিখের এক স্মারকের আলোকে যেসব শিক্ষার্থীর অনলাইন জন্মনিবন্ধন নম্বর এন্ট্রি করা হয়নি, তাদের রেজিস্ট্রেশন নম্বর ইস্যু করা হয়নি। জন্মনিবন্ধন নম্বর এন্ট্রির পর তাদের রেজিস্ট্রেশন নম্বর ইস্যু করা হবে এবং তখন কার্ড ডাউনলোড করে প্রিন্ট করা যাবে। এ ক্ষেত্রে কোনো বোর্ড ফি প্রযোজ্য হবে না। রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থীর নাম, জন্মতারিখ, ছবি, বাবা-মায়ের নাম ও জেন্ডারসহ যৌক্তিক সংশোধনের জন্য প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে হবে। সংশোধনের জন্য বোর্ড ফি ৩০০ টাকা, যা আবেদন সাবমিটের পর পেমেন্ট অপশনে ক্লিক করে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়েছে, আজ থেকেই রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করা যাবে এবং ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত তথ্য সংশোধনের আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের আবেদন করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে নাম ও বয়স সংশোধন কমিটির মাধ্যমে আবেদন করতে হবে।

এছাড়া রেজিস্ট্রেশন কার্ডে থাকা কিউআর কোড স্ক্যান করে বোর্ডের ওয়েবসাইট থেকে কার্ড যাচাই ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়াই একাধিকবার প্রিন্ট করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Taqwa Travel & Tourism
বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!