রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ কেন দেবেন

ইলিয়াস মশহুদ

আল্লাহ তাআলার কাছে বান্দার সকল আমল এক রকম আর রোজার হিসাব ভিন্ন রকম। আল্লাহর কাছে বান্দা আমলের প্রতিদান লাভ করবে। তবে রোজার প্রতিদান আল্লাহ নিজেই বান্দাকে দান করবেন। আল্লাহ কেমন প্রতিদান দেবেন, তা আল্লাহই ভালো জানেন। আমরা শুধু বুঝি, যে প্রতিদান আল্লাহ বিশেষভাবে দেবেন তা তাঁর শান মোতাবেক দেবেন।

প্রত্যেক নেক আমলের নির্ধারিত সওয়াব ও প্রতিদান রয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে পুরস্কৃত করবেন। কিন্তু রোজার বিষয়টি সম্পূর্ণ আলাদা। কারণ, রোজার বিষয়ে আছে আল্লাহ তাআলার পক্ষ হতে এক অনন্য ঘোষণা।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত; রাসুল (সা.) বলেছেন,

كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى سبعمائة ضعف، قال الله تعالى : الا الصوم فإنه لى وانا أجزى به يدع شهوته وطعامه من أجلى

মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়। একটি নেকির সাওয়াব ১০ গুণ থেকে ২৭ গুণ পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন, কিন্তু রোজা আলাদা। কেননা, তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় দেব। বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে। (সহিহ বুখারি, হাদিস: ১৮৯৪; মুসনাদে আহমাদ, হাদিস: ৯৯৯৯; মুওয়াত্তা মালিক: ১/৩১০)

আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন,

قال الله : يترك طعامه وشرابه وشهوته من أجلى، الصيام لى وانا اجزى به، والحسنة بعشر امثالها

আল্লাহ বলেন, বান্দা একমাত্র আমার জন্য তার পানাহার ও কামাচার বর্জন করে, রোজা আমার জন্যই, আমি নিজেই তার পুরস্কার দেব; আর (অন্যান্য) নেক আমলের বিনিময় হচ্ছে তার ১০ গুণ। (সহিহ বুখারি, হাদিস: ১৯০৪)

অন্য বর্ণনায় আছে, আল্লাহ তাআলা বলেন, ‘প্রত্যেক ইবাদতই ইবাদতকারী ব্যক্তির জন্য, পক্ষান্তরে রোজা আমার জন্য। আমি নিজেই এর প্রতিদান দেব।’ (সহিহ বুখারি, হাদিস: ১৯০৪)

রোজার এত বড় ফজিলতের কারণ এটাও হতে পারে যে, রোজা ধৈর্যের ফলস্বরূপ। আর ধৈর্যধারণকারীদের জন্য আল্লাহ তাআলার সুসংবাদ হলো,

إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ

ধৈর্যধারণকারীরাই অগণিত সাওয়াবের অধিকারী হবে। (সুরা জুমার, আয়াত: ১০)

সব মাখলুকের স্রষ্টা, বিশ্বজাহানের প্রতিপালক, আল্লাহ তাআলা নিজেই যখন এর পুরস্কার দেবেন, তখন কী পরিমাণ দেবেন? ইমাম আওজায়ি রাহ. এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ‘আল্লাহ যে রোজাদারকে প্রতিদান দেবেন তা মাপা হবে না, ওজন করা হবে না অর্থাৎ, বিনা হিসাবেই দেবেন।’

Taqwa Travel & Tourism
বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!