বিশুদ্ধ কুরআনচর্চায় আঞ্জুমানের অবদান অনস্বীকার্য : আঞ্জুমানের ‘নূরে রমজান’ অনুষ্ঠানে বক্তারা

ইলমে কিরাআতের প্রচার ও প্রসারে নিবেদিত বিশ্ববিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশের উদ্যোগে ‘নূরে রমজান’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল ১৭ রমজান শনিবার আঞ্জুমান কমপ্লেক্সে বাদ যুহর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে এ আয়োজন।

আঞ্জুমানের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাবের সভাপিতিত্বে ও সহ-সম্পাদক মাওলানা ক্বারী ইনাম বিন সিদ্দিকের  উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আঞ্জুমানের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক নোমানী।

বক্তব্য রাখেন দরগাহে হজরত শাহজালাল রাহ. মাদরাসার মুহাদ্দিস ও শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, অধ্যাপক ডা. আখলাক আহমেদ, মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, মাওলানা ক্বারী নুরুল মুত্তাকীন জুনাইদ, মাওলানা ক্বারী আবুল বাশার এবং মাওলানা ক্বারী হোসাইন আহমদ ইছামতী।

এছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আঞ্জুমানের আমৃত্যু উপদেষ্টা শাইখুল হাদীস আল্লামা নূর উদ্দিন গহরপুরী (রাহ.), আমৃত্যু সভাপতি শায়খ আব্দুর রহমান শাওকী (রাহ.) এবং প্রতিষ্ঠাতা শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দীক (রাহ.)-এর জীবন, কর্ম ও দ্বীনি খেদমত নিয়ে আলোচনা করেন বক্তারা।

বক্তারা বলেন, দেশে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত চর্চায় আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তার পেছনে এই তিন মনীষীর অবদান অনস্বীকার্য।

বক্তারা আরও বলেন,  শাইখুল হাদীস আল্লামা নূর উদ্দিন গহরপুরী (রাহ.), শায়খ আব্দুর রহমান শাওকী (রাহ.) এবং শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দীক (রাহ.)-এর জীবন ও কর্ম ছিল পবিত্র কুরআনের প্রচার ও প্রসারে উৎসর্গিত। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশ আজ একটি সুদৃঢ় মহীরুহে পরিণত হয়েছে।

বক্তারা জোর দিয়ে বলেন, বর্তমান বিশৃঙ্খল সময়ে তাদের রেখে যাওয়া আদর্শ ও আঞ্জুমানের এই তালীমী মিশনকে আরও বেগবান করাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। বিশেষ করে তরুণ ক্বারীদের জন্য এই তিন মনীষীর জীবন থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছুই রয়েছে।

‘নূরে রমজান’ নামে ব্যতিক্রমী এই অনুষ্ঠানটি ছিল নানা আয়োজনে সমৃদ্ধ। তন্মধ্যে স্মৃতিচারণ, আলোচনা, ডকুমেন্টারি প্রদর্শন, তিলাওয়াত ও নাশিদ পরিবেশনা ছিল অন্যতম।

পাশাপাশি আঞ্জুমান সভাপতির জীবন ও কর্ম এবং করোনাকালীন প্রতিকূল পরিস্থিতিতে সংগঠনের প্রশিক্ষণ কার্যক্রম কীভাবে সচল রাখা হয়েছিল, তা একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।

বাদ মাগরিব কুরআনের সুরলহরি ও নাশিদের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। এ সময় তিলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী আব্দুল্লাহ আল মামুন, ক্বারী ইহসান বিন সিদ্দিক, ক্বারী শফিকুর রহমান ও ক্বারী আলী মর্তুজা বিন আমীন।

ইসলামী সংগীত পরিবেশন করেন আহমদ আবদুল্লাহ, ফয়েজ আহমদ শাহরুখ, খাইরুল বাশার দিলোয়ার, মাহফুজুর রহমান মারুফ ও আহমদ উসমান।

আঞ্জুমানের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মুনাজাতে তিনি মরহুম তিন মনীষীর মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

Taqwa Travel & Tourism
বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!